Breaking cricket news, scores, opinion and analysis on the Australian Cricket team, The Ashes, Test cricket, One Dayers and Twenty20 at The Roar.
Sunday, 14 May 2017
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সাকিব ‘অভিজ্ঞতাটা ভালোই হলো’
আইরিশ কন্ডিশন বুঝতে কি একটু সময় লাগল বাংলাদেশের? ডাবলিনের মালাহাইড মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ আর ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের কথাবার্তা শুনে তা-ই মনে হচ্ছে। বৃষ্টিতে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যাওয়ার আগে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। সেই পরীক্ষায় শুরুতে তালগোল পাকিয়ে ফেললেও পরে অবশ্য ঠিকই ফিরে এসেছিল বাংলাদেশ। আর এ কারণেই আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পরের ম্যাচ নিয়ে বেশ আশাবাদী সাকিব।
সিরিজ শুরুর আগে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে এসে বেলফাস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেয়েছে ১৯৯ রানের বিশাল জয়। কিন্তু সেই বাংলাদেশই পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভারের মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলল। এর মধ্যে প্রথম ২ উইকেট তো পড়েছে মাত্র ৯ রানে!
তবে চতুর্থ উইকেটে তামিম-মাহমুদউল্লাহর ৮৭ রানের জুটি আবার ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে এ দুজনের ব্যাটিংই আশাবাদী করে তুলেছে সাকিবকে। এই সিরিজের সময় যত গড়াবে, বাংলাদেশ ততই ভালো খেলবে বলে বিশ্বাস তাঁর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগাতেই প্রথম ম্যাচে বাংলাদেশ ভুগেছে বলে মনে করেন সাকিব, ‘আমরা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, প্রথম দিকের পরিস্থিতি তার চেয়ে একেবারে আলাদা ছিল। এটা মোটেই সহজ ছিল না। তবে সময় যত গড়িয়েছে, বল যত পুরোনো হয়েছে, ততই সহজে ব্যাটে এসেছে। অভিজ্ঞতা ভালোই হলো। আমরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছি।’
বৃষ্টির কারণে ঢাকা ছিল উইকেট। সেটিও এমন সবুজ যে, বাকি মাঠ থেকে আলাদা করাই কঠিন ছিল! অমন বিরূপ পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। কিছুটা নিজের স্বভাববিরুদ্ধ খেলা খেলেই অপরাজিত ছিলেন ৮৮ বলে ৬৪ রান করে। ছয় নম্বরে নেমে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহও (৫৬ বলে অপরাজিত ৪৩)। সাকিব মুগ্ধ দুজনের ব্যাটিংয়েই, ‘তামিম খুবই সুন্দর খেলেছে। নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, একই কাজ করেছে মাহমুদউল্লাহও। ওদের জুটিটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল। ম্যাচের নিয়ন্ত্রণটাও আমরা হাতে তুলে নিয়েছিলাম।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটাও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। যদিও আইপিএলের কারণে নিয়মিত দলের প্রায় দশ খেলোয়াড়কে এই সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। তারপরও সাকিবের শতভাগ সমীহই পাচ্ছে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা, ‘ওদের দলটা বেশ নতুন। এখনো নিউজিল্যান্ডের অনেকে আইপিএলে খেলছে। ফলে অভিজ্ঞতার একটা ঘাটতি থাকবে তাদের এই দলে। তবে এরপরও এটা কিন্তু তাদের দ্বিতীয় সেরা দল এবং আমাদের কঠিন পরীক্ষাই নেবে।’
গত ডিসেম্বর-জানুয়ারি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওদেরই মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সংস্করণেই জেতা হয়নি একটা ম্যাচও। তবে সাকিব সেই স্মৃতি ভুলেই আগামী বুধবার ডাবলিনে কিউদের বিপক্ষে নামতে চান, ‘কয়েক মাস আগেই আমরা ওদের বিপক্ষে খেলেছি। ওটা খুব একটা সুখকর অভিজ্ঞতা ছিল না। তবে আশা করি, এবার আমরা ভালো করব।’
নতুন চেহারার এই নিউজিল্যান্ড কেমন খেলে, এর একটা ধারণা অবশ্য আজই পেয়ে যাবেন সাকিব। মালাহাইডেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে টম ল্যাথামের নিউজিল্যান্ড। এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment